আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, ‘ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর সাথে স্থানীয়ভাবে যে আচরণ করা হয়েছে, সেটি কেউ কামনা করে না এবং তা মোটেও শোভনীয় নয়।’
সোমবার (২৫ মে) দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে স্থানীয় বিএনপি নেতাদের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, ঝিনাইদহে এনসিপির সাথে যে ঘটনা ঘটেছে সেটা এনসিপি যেমন রাজনৈতিকভাবে দেখছে, বিএনপিও একইভাবে দেখছে।
নারী ও শিশু নির্যাতনের বিচার দ্রুত সম্পন্নের বিষয়ে তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলার বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। নারী ও শিশুদের প্রতি সহিংসতার মামলাগুলোর বিচারিক আদালতে ঈদের ছুটির মধ্যেও চালু রাখার বিষয়ে সরকার সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে।
রামিসা হত্যা মামলার বিচারের বিষয়ে তিনি বলেন, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই আসামির জবানবন্দি গ্রহণ করা হয়েছে এবং এক সপ্তাহের মধ্যেই চার্জশিট দাখিল করা হয়েছে। আপনারা দেখবেন, ১ জুন থেকে রামিসা হত্যা মামলার বিচার শুরু হচ্ছে। ঈদের ছুটির পর প্রথম যেদিন আদালত খুলবে, সেই দিনই বিচার কার্যক্রম শুরু হবে।
এর আগে, স্থানীয় বিএনপি নেতাদের সাথে মতবিনিময় সভায় জুলাই সনদ বিষয়ে আইনমন্ত্রী বলেন, জুলাই সনদকে সবচেয়ে বেশি ধারণ করছে বিএনপি। সনদ বাস্তবায়নে দাঁড়ি, কমা, সেমিকোলনসহ আমরা এগিয়ে যাচ্ছি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, জেলা যুবদলের সভাপতি শরিফ-উর জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ শরীফুল আলম বিলাস, সাধারণ সম্পাদক এম এ তালহা ও কৃষকদলের সভাপতি মোকাররম হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।



