মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রায় জেলা প্রশাসনের উদ্যোগে সমন্বিত মাদকবিরোধী বিশেষ অভিযানে একাধিক নারীসহ ছয়জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (৩ জুন) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: রেজাউল করিমের নেতৃত্বে উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সমন্বয়ে গঠিত প্রায় ৮০ সদস্যের একটি দল অংশ নেয়।
অভিযানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু, সহকারী কমিশনার (ভূমি) মো: এরফানুর রহমান, র্যাব-১০ সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের মেজর ইয়াসির তাজবী পান্থ, অতিরিক্ত পুলিশ সুপার মো: আনিসুর রহমান ও সেনাবাহিনীর মেজর চার্লস।
অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা, আট কেজি গাঁজা, পাঁচ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও সংশ্লিষ্ট অপরাধের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী চারটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। পাশাপাশি দু‘টি নিয়মিত মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো বলা হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



