ঝিনাইদহের সদর উপজেলার ঘোড়ামারা গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্বামীর দায়ের কোপে সাগরিকা খাতুন বুলবুলি (৩২) নামে এক গৃহবধূ খুন হয়েছেন।
শনিবার (২৩ মে) রাতে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে রোববার (২৪ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
নিহত সাগরিকা খাতুন বুলবুলি ঝিনাইদহ সদর উপজেলার করিমপুর গ্রামের ইনতাজ বিশ্বাসের মেয়ে এবং একই উপজেলার ঘোড়ামারা গ্রামের শিমুল হোসেনের স্ত্রী।
অভিযুক্ত স্বামী শিমুল হোসেন এলাকায় একজন চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত।
নিহতের বাবা ইনতাজ বিশ্বাস জানান, শিমুল জেলে থাকায় তার মেয়ে বাপের বাড়িতেই ছিল। তিন দিন আগে শিমুল এসে বুলবুলিকে নিয়ে যান। শনিবার রাতে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিমুল হোসেন তার স্ত্রী বুলবুলিকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।
নিহতের ভাবি চামেলি খাতুন শিমুলের পূর্বের অপরাধের খতিয়ান তুলে ধরে জানান, শিমুল একজন উগ্র ও নৃশংস প্রকৃতির মানুষ। ২০২৫ সালের ৮ অক্টোবর গোয়ালপাড়া বাজারে তুচ্ছ ঘটনায় জাহাঙ্গীর ও তার ছেলে ইজাজুলকে প্রকাশ্যে কুপিয়ে মারাত্মক জখম করেছিলেন এই শিমুল। সেই মামলায় জেল খেটে জামিনে বের হয়েই এবার তিনি নিজের স্ত্রীকেই হত্যা করলেন।
অবিলম্বে ঘাতক শিমুলের গ্রেফতার ও ফাঁসির দাবি জানান চামেলি খাতুন।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, পারিবারিক বিরোধের জেরেই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। শিমুলকে গ্রেফতারে এলাকায় অভিযান চালানো হচ্ছে।



