সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে পদায়ন পাওয়া মু. রেজা হাসানের যোগদানকে ঘিরে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সিলেটে দায়িত্ব নিতে রওনা হলেও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেও শেষ মুহূর্তে ফিরে যান তিনি।
সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে তাকে আপাতত সিলেটে না গিয়ে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকায় অবস্থান করতে বলা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় ও সিলেট জেলা প্রশাসনের একাধিক নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে আলোচিত জেলা প্রশাসক মো: সারওয়ার আলমকে প্রত্যাহারের পর কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের নতুন ডিসি হিসেবে পদায়ন করা হয়।
গত ১ জুলাই তার সিলেটে এসে দায়িত্ব গ্রহণের কথা থাকলেও শেষ মুহূর্তে সেই প্রক্রিয়া স্থগিত হয়ে যায়।
গত ২৮ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটে বদলি করা হয়। একই আদেশে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আক্তারকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সূত্র জানায়, নির্ধারিত দিনে সকালে কুমিল্লা থেকে ঢাকায় পৌঁছে দুপুর ১টার ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে সিলেট আসার প্রস্তুতি নেন রেজা হাসান। এদিকে তাকে বরণ করে নিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত জেলা প্রশাসক পর্যায়ের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের সরকারি গাড়িও পাঠানো হয়েছিল।
কিন্তু ঠিক বিমানে ওঠার আগ মুহূর্তে সরকারের উচ্চপর্যায় থেকে সিলেট যাত্রা স্থগিত রেখে তাকে জরুরি ভিত্তিতে সচিবালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়া হয়। সাথে সাথে তিনি বিমানবন্দর ত্যাগ করে সচিবালয়ের উদ্দেশে রওনা হন।
পরে বিষয়টি জানতে পেরে সিলেট বিমানবন্দরে অপেক্ষমাণ জেলা প্রশাসনের কর্মকর্তারাও ফিরে যান।
প্রশাসনিক ও স্থানীয় একাধিক সূত্রের দাবি, প্রবাসী অধ্যুষিত এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় সিলেট জেলা প্রশাসকের পদটি মাঠ প্রশাসনের অন্যতম আকর্ষণীয় পদ হিসেবে বিবেচিত হয়।
প্রজ্ঞাপন জারির পর থেকেই এ পদে নিয়োগকে কেন্দ্র করে সরকারের বিভিন্ন পর্যায়ে তদবির ও লবিং চলছিল বলে আলোচনা রয়েছে। স্থানীয় একটি প্রভাবশালী মহলও নিজেদের পছন্দের কর্মকর্তার নাম উচ্চপর্যায়ে পাঠিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি।
তবে এসব দাবির বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে শেষ পর্যন্ত মু. রেজা হাসান সিলেটের জেলা প্রশাসক হিসেবে যোগ দেবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সাথে কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়া রোজী আক্তারের পদায়নেও পরিবর্তন আসতে পারে বলে প্রশাসনিক অঙ্গনে আলোচনা চলছে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নতুন কোনো প্রজ্ঞাপন জারি হয়নি।
সরকারের একটি সূত্র জানিয়েছে, নতুন জেলা প্রশাসক রেজা হাসান সিলেটে যোগ দিচ্ছেন না, এটা প্রায় নিশ্চিত।
সিলেটের দুই মন্ত্রীর বলয়ের পক্ষ থেকে নিজেদের পছন্দের জেলা প্রশাসক খোঁজা হচ্ছে বলেও সূত্রটি জানিয়েছে।
শীঘ্রই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে বলেও জানা গেছে।


