রংপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

‘পরিষ্কারভাবে বলছি, যদি কোনো অজুহাত দেখিয়ে সংবিধান সংস্কার না করেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না করেন, স্বৈরাচারী আচরণ না ছাড়েন, তাহলে জনগণ বিএনপিকে ক্ষমতায় থাকতে দেবে না।’

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ |নয়া দিগন্ত

রংপুরে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (১১ এপ্রিল) বিকেলে রংপুর শহরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি নগরীর জুলাই স্মৃতি স্তম্ভ এলাকা থেকে শুরু হয়ে নগর ভবন, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, জীবন বীমা মোড় ও গ্র্যান্ড হোটেল মোড় হয়ে শাপলা চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর-৩ আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল বলেন, ‘মানুষ যে পরিবর্তনের জন্য গণভোটে ৭০ শতাংশ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে, সেই ‘হ্যাঁ’ ভোট বিএনপিও সমর্থন করেছে। তারেক জিয়া এসে রংপুরে হাজার মানুষের সামনে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট চেয়েছেন। অথচ আজকে তারা সংবিধানের দোহাই দিয়ে, বিভিন্ন ধরনের ভুয়া মনগড়া ব্যাখ্যা দিয়ে, গণপরিষদ গঠন করতে চাচ্ছে না এবং ‘হ্যাঁ’ ভোটের আলোকে সংবিধান সংস্কার করতে চাচ্ছে না।’

বিএনপি সরকারের উদ্দেশে মাহবুবুর রহমান বেলাল বলেন, ‘যদি আপনারা অবিলম্বে গণপরিষদ গঠন করে সংস্কারের ব্যবস্থা না নেন, যদি আপনারা রাষ্ট্রব্যবস্থা সংস্কারে জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো সংসদে পাস না করেন, তাহলে অবশ্যই আবারো বাংলাদেশের মানুষ রাজপথে নেমে আরেকটি মহা অভ্যুত্থান ঘটাবে। যারা নব্য স্বৈরাচার হতে চাচ্ছেন, জনগণের সাথে তামাশা করছেন, প্রতারণা করছেন, জনরায় মানতে চাচ্ছেন না, তীব্র গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ তাদেরকে দেশ ছাড়া করবে।’

তিনি বলেন, ‘তারা জনগণের সাথে গাদ্দারি করছেন, প্রতারণা করছেন। জনগণ কখনোই এটা মেনে নেবে না। আমরো মেনে নেব না। ছাত্র-জনতা পরিষ্কারভাবে বলেছে, জুলাই অভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা এখনো তাদের হৃদয়ে ধারণ করে আছে। প্রয়োজনে আবারো অভ্যুত্থান হবে।’

তিনি আরো বলেন, ‘জাতি একজন খুনি হাসিনাকে বিদায় করে নতুন করে কাউকে খুনিকে হতে দেবে না। আর কোনো নব্য স্বৈরাচারকে শাসক হিসেবে মেনে নেবে না। কাজেই পরিষ্কারভাবে বলছি, যদি কোনো অজুহাত দেখিয়ে সংবিধান সংস্কার না করেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না করেন, স্বৈরাচারী আচরণ না ছাড়েন, তাহলে জনগণ বিএনপিকে ক্ষমতায় থাকতে দেবে না। আমরাও আপনাদের মেনে নেব না। তাই সময় থাকতে সংবিধান সংস্কার কমিশন গঠন করে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করুন। তা নাহলে আপনারাও পালাবার পথ পাবেন না।’

সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খান, মহানগর এনসিপির আহ্বায়ক আব্দুল মালেক, মহানগর শিবির সভাপতি আনিছুর রহমান, মহানগর ছাত্রশক্তি আহ্বায়ক ইমতিয়ার আহমেদ ইমতি প্রমুখ।