ময়মনসিংহ অফিস ও মুক্তাগাছা সংবাদদাতা
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার জমিনপুর গ্রামে অনলাইনে জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে আন্দালিফ রহমান রাফি (১০) নামে এক মাদরাসাশিক্ষার্থীকে হত্যার অভিযোগ উঠেছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় নিখোঁজের পর আজ শনিবার পাওয়া যায় তার লাশ।
নিহত রাফি জমিনপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে ও স্থানীয় রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তাগাছা উপজেলার বাঁশাটি ইউনিয়নের লাঙ্গুলিয়ার জমিনপুর গ্রামে জহিরুল ইসলামের সাথে একই এলাকার খোকন মিয়ার অনলাইনে জুয়া খেলার টাকার ভাগাভাগি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার সন্ধ্যায় খোকন মিয়া ‘পাখির বাসা দেখানোর’ কথা বলে রাফিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই শিশুটি নিখোঁজ ছিল।
আজ শনিবার দুপুরে খোকনের আচরণে সন্দেহ হলে এলাকাবাসী তার বাড়িতে খোঁজ চালায়। একপর্যায়ে বাড়ির পায়খানার ট্যাংকির ভেতর বস্তাবন্দী অবস্থায় রাফির লাশ দেখতে পায় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে। পরে লাশ বস্তায় ভরে পায়খানার ট্যাংকির ভেতরে লুকিয়ে রাখা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে খোকন মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



