নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘দেশের মানুষের সঙ্কটময় মুহূর্তে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। তেলের সঙ্কটে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সংসদে বলেছেন, এই সঙ্কট মোকাবেলায় সরকারি দল ও বিরোধী দল সম্মিলিতভাবে ও ঐক্যবদ্ধভাবে দেশের মানুষের সঙ্কট মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়েছে।’
তিনি বলেন, ‘সবচেয়ে খারাপ একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেছি। আপনারা দেখেছেন ইরান-আমেরিকা যুদ্ধের কারণে সারাবিশ্বে তেলের দাম বেড়ে গেছে। এ কারণে দেশে তেলের সঙ্কট দেখা দিয়েছে।’
শনিবার (৯ মে) দুপুর ১২টার দিকে নলডাঙ্গায় পৌরভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘ফ্যাসিস্টদের কারণে আমরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছি। যে ফ্যাসিস্টের কারণে এই নলডাঙ্গা, বাসুদেবপুর, নাটোরে রণক্ষেত্র হয়েছিল, সেই সন্ত্রাসীদের সাথে আমাদের কোনো আপস নেই।’
তিনি বলেন, ‘মাদক নিয়ে আমরা সবচেয়ে বেশি উদ্বিগ্ন। আমাদের সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাদকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। নলডাঙ্গায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কোনো জায়গা হবে না।’
তিনি আরো বলেন, ‘চাঁদাবাজি, সালিস-বিচারে টাকা খাওয়া, গাছ কাটাসহ বিএনপি নেতাকর্মীর অপরাধের কারণে নির্বাচনে ভোট কম পেয়েছি।’
এ সময় তিনি পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের আশ্বাস দেন। তিনি নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, নলডাঙ্গা ব্রিজ থেকে নাটোর প্রধান সড়ক পর্যন্ত রেললাইনের পাশ দিয়ে সরাসরি মহাসড়ক নির্মাণ এবং নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ চালুসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল এমরান খাঁন, জেলা বিএনপির সদস্য মো: দেওয়ান আলী শাহীন, যুগ্ম আহ্বায়ক মো: মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য মো: নাসিম উদ্দীন নাসিম, জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, নলডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর প্রশাসক এম এ হাফিজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, নলডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: সাখাওয়াত হোসেন, জেলা শ্রমিক দলের সদস্য সচিব ও নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র মো: আব্বাস আলী নান্নুসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



