চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিয়ন্ত্রণহীন একটি বাসের ধাক্কায় ছয়টি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। ভয়াবহ এ সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৩০ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার টানেল সংযোগ চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিউরি এলাকার বাসিন্দা পলি দত্ত (৩০)। তিনি কাজল দত্তের স্ত্রী ও দুই সন্তানের জননী। অপর নিহত ইফা শীল (৪০) একই এলাকার বাসিন্দা শিমুল শীলের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুতগতির বাস টানেল সড়ক থেকে বের হয়ে টানেল সংযোগ চত্বরে যাত্রী ওঠা-নামার জন্য দাঁড়িয়ে থাকা কয়েকটি সিএনজিচালিত অটোরিকশার উপর উঠে যায়। এতে মুহূর্তেই ছয়টি সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের আব্দুল মান্নানের চায়ের দোকানে ঢুকে পড়ে। এ সময় সিএনজির চালক-যাত্রী ও চায়ের দোকানে থাকা লোকজন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগেই দুই নারীর মৃত্যু হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুনায়েত চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



