গোলাপগঞ্জে সিএনজি-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

শুক্রবার দিবাগত রাতে ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের পাশে হেতিমগঞ্জ থেকে ছেড়ে আসা গোলাপগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশা ও সিলেটগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজিচালিত অটোরিকশাটি।

গোলাপগঞ্জ (সিলেট) সংবাদদাতা

Location :

Golapganj
সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন
সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন |প্রতীকী ছবি

সিলেটের গোলাপগঞ্জে সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আখদ্দছ আলী (৫২) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী, সন্তানরা ও পিকআপের চালক। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়কের ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের পাশে এ ঘটনা ঘটে।

নিহত আখদ্দছ আলী উপজেলার গোলাপগঞ্জ পৌরসভার রণকেলী ইয়াগুল গ্রামের মরহুম তছির আলীর ছেলে। তবে, তাৎক্ষণিকভাবে আহতদের নাম-ঠিকানা জানা যায়নি।

প্রাপ্ত সংবাদে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের পাশে হেতিমগঞ্জ থেকে ছেড়ে আসা গোলাপগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশা ও সিলেটগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজিচালিত অটোরিকশাটি। এ সময় গুরুতর আহত হন আখদ্দছ আলী, তার স্ত্রী ও সন্তানরাসহ পিকআপচালক।

স্থানীয়রা আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আখদ্দছ আলীকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সংবাদ পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা এএসআই মোহাম্মদ ফিরোজ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনাস্থল থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি ও পিকআপ জব্দ করেন।

এদিকে নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করলে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই নিহত আখদ্দছ আলীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক যাত্রী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার এএসআই মোহাম্মদ ফিরোজ আলী।