গাইবান্ধা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেছেন, শহীদ আবু সাঈদসহ চব্বিশের ছাত্র-জনতা যে আকাঙ্ক্ষা নিয়ে রাস্তায় নেমে রক্ত দিয়েছিলেন, বর্তমান সরকার সেই জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। তাই আমরা বিরোধী দল ও সরকারি দল মিলে ঐক্যবদ্ধভাবে দেশটাকে এগিয়ে নিতে চাই।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে গাইবান্ধা দারুল আমান ট্রাস্টে জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আব্দুল হালিম বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের কল্যাণে যে সব অধ্যাদেশ জারি করেছে সেগুলো কার্যকরে বর্তমান সরকারকে উদ্যোগ নিতে হবে। বিএনপির ৩১ দফা সংস্কারের প্রথম দফা হলো সংবিধান সংস্কারে কমিশন গঠন করা। অথচ আজকে বিএনপি সংবিধান সংস্কারে বাধা হয়ে দাঁড়িয়েছে।
সরকারের সমালোচনা করে আব্দুল হালিম বলেন, বিএনপি সরকার অন্তর্বর্তী সরকারের জারি করা গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন ও দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশসহ বেশ কিছু জাতীয় গুরত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত সরকারকে জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর শামিল। আমি অবিলম্বে সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে আমরা সংসদে আছি, সংসদের বাহিরেও আছি। এছাড়া সরকার ও বিরোধী দল মিলে এক সাথে কাজ করলে চব্বিশের জনআকাঙ্ক্ষা পূরণ কর সম্ভব। দেশের সংকটে জনগণের কল্যাণমূলক কাজে সরকারকে বিরোধী দলের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
জামায়াতের গাইবান্ধা জেলা আমির আব্দুল করিম এমপির সভাপতিত্বে সমাবেশে জেলা সেক্রেটারি জহুরুল হক, গাইবান্ধা-১ আসনের এমপি মাজেদুর রহমান মাজেদ, গাইবান্ধা-৩ আসনের এমপি আবু কাওছার নজরুল ইসলাম লেবু, গাইবান্ধা-৫ আসনের এমপি আব্দুল ওয়ারেছসহ জামায়াত নেতারা বক্তব্য রাখেন।



