চট্টগ্রামের সীতাকুণ্ডে আবুল খায়ের রোলিং মিলস লিমিটেডে ডাকাতির চেষ্টা নস্যাৎ করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এ ঘটনায় তিন ডাকাতকে আটক করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) ভোর ৬টার দিকে ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল কারখানায় প্রবেশ করে উৎপাদন কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্যে বৈদ্যুতিক ক্যাবল কাটতে শুরু করে। এ সময় দায়িত্বে থাকা আনসার সদস্যরা বাধা দিলে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ডাকাতরা অতর্কিত হামলার চেষ্টা চালায়। তবে আনসার সদস্যরা সাহসিকতার সাথে ডাকাতদের প্রতিহত করেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্যরা প্রথমে এক রাউন্ড রাবার গুলি ছোড়েন। এতে ডাকাতরা পিছু না হটলে আত্মরক্ষার্থে আরো তিন রাউন্ড সিসা কার্তুজ নিক্ষেপ করা হয়। এক পর্যায়ে ডাকাত দল ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে আনসার সদস্যরা ধাওয়া করে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করতে সক্ষম হন।
আটককৃতদের কাছ থেকে আনুমানিক ৩২০ কেজি বৈদ্যুতিক ক্যাবল, একটি রামদা ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন— সীতাকুণ্ড থানার শীতলপুর গ্রামের মো.সিরাজের ছেলে জাবেদ (২৭), একই থানার ফুলতলা গ্রামের আবুল কালামের ছেলে শরিফুর রহমান (২৮), এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শাহজাহানের ছেলে মো. রাসেল (২৯)।
ঘটনার পর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি তদারকি করেন। পরে আটককৃতদের উদ্ধারকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্টরা জানান, আনসার সদস্যদের তাৎক্ষণিক ও সাহসী পদক্ষেপের কারণে কারখানাটি বড় ধরনের নাশকতা ও বিপুল আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। অভিযানে বাহিনীর কোনো সদস্য আহত না হওয়াও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় শিল্প-কারখানার নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা রক্ষা ও শিল্প নিরাপত্তায় বাহিনীটির কার্যকর ভূমিকা অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি



