খুলনায় পিকআপ ভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সোয়া ৩টার দিকে নগরীর হরিণটানা থানাধীন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত হলেন, ইজিবাইক চালক পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের শেখপাড়া সনাতনকাঠি গ্রামের মৃত শেখ ওবায়দুল হকের ছেলে শেখ দিদারুল হক (৩০) ও ইজিবাইকের যাত্রী একই ইউনিয়নের হরিদাস কাঠি বাড়ৈপাড়ার তাপস হোর ওরফে সুনু হোর (৬০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর সোয়া ৩টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খুলনা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ভালো ও খারাপ সড়কের সংযোগস্থলে খুলনা থেকে ছেড়ে যাওয়া সয়াবিন তেলভর্তি দ্রুতগামী পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১০-০৯১২) নিয়ন্ত্রণ হারিয়ে ডুমুরিয়া থেকে খুলনাগামী দুটি ইজিবাইককে চাপা দিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এ সময় একটি ইজিবাইকের চালক শেখ দিদারুল হক ও যাত্রী তাপস হোর ওরফে সুনু হোর ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়। আহত তিনজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নগরীর হরিণটানা থানার ওসি মো: হেলাল উদ্দিন বলেন, পিকআপ ভ্যান ও ক্ষতিগ্রস্ত ইজিবাইক জব্দ ও নিহত দুইজনের লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে পিকআপ ভ্যানের চালক ও হেলপার পালিয়ে গেছে।



