ফেনীর ২৬তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মোহাম্মদ মাহবুবউল করিম যোগদান করেছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিদায়ী জেলা প্রশাসক মনিরা হক আনুষ্ঠানিকভাবে তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব গ্রহণের পর নতুন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমকে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এদিন বিকেলে তিনি জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।
এর আগে, সোমবার রাতে ফেনী সার্কিট হাউসে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের আয়োজনে বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: দিদারুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ.কে.এম. ফয়সাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিফাত আসমা, সহকারী কমিশনার মো: ইকবাল হোসেন, মো: সাদিকুর রহমান, ফাতেমা-তুজ-জোহরা ও মজিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাহবুবউল করিম বিসিএসের ২৯তম ব্যাচের কর্মকর্তা। ফেনীতে জেলা প্রশাসক হিসেবে যোগদানের আগে তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সচিব হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে বিদায়ী জেলা প্রশাসক মনিরা হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
বিসিএসের ২৭তম ব্যাচের কর্মকর্তা মনিরা হক ২০২৫ সালের ২৭ অক্টোবর ফেনীর জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছিলেন।



