চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে অপরিচ্ছন্ন পরিবেশে বেকারিপণ্য উৎপাদন ও সংরক্ষণ এবং অবৈধভাবে বিএসটিআই লোগো ব্যবহার করায় ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত সদর উপজেলার ফার্মপাড়া ও বেলগাছি রেলগেট এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।
অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অপরিচ্ছন্ন পরিবেশে বেকারিপণ্য তৈরি ও সংরক্ষণ এবং অবৈধভাবে বিএসটিআই লোগো ব্যবহারের কারণে হারুন অর রশিদের প্রতিষ্ঠান মেসার্স নূর ফুড প্রোডাক্টসকে ২৫ হাজার টাকা এবং বিটু ইসলামের প্রতিষ্ঠান মেসার্স সাকিল চানাচুরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধান করার নির্দেশ দেয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম ফারুক ও জেলা আনসার সদস্যরা।



