সিলেট নগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ৩২ ঘণ্টায় এসএমপির অভিযানে আরো ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ১৬৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএমপি সূত্র জানিয়েছে, মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৭০ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার ও ওয়ারেন্টভুক্ত আসামি, মাদককারবারি, চোরাচালানকারী, হকার, সন্দেহভাজন ব্যক্তি ও মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে গ্রেফতার হওয়া ব্যক্তিরা রয়েছেন।
অভিযানকালে ৫০ গ্রাম গাঁজা ও ২৩ বস্তা ভারতীয় চা-পাতার গুঁড়া উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৭৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৮৭টি যানবাহন আটক করা হয়েছে।
বৃহস্পতিবার এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।



