বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে গাজীপুর মহানগর পুলিশের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকায় এক পোশাককর্মীর ১১ বছরের মেয়েকে বাসায় একা পেয়ে ধর্ষণ করে তার আপন খালু রাশেদুল ইসলাম। ঘটনার পরপরই অভিযুক্ত পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর মা কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ধর্ষণের মামলা রুজু করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
র্যাব-১-এর অধিনায়কের নির্দেশে অভিযুক্তকে গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে সংস্থাটি। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোররাত ৩টার দিকে র্যাব-১ ও র্যাব-১৩ এর যৌথ দল রংপুরের পীরগঞ্জ থানাধীন কৈকুরী মধ্যপাড়া এলাকার নিজ বাড়ি থেকে রাশেদুল ইসলামকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব-১-এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম।



