২০ এপ্রিল থেকে রাঙ্গামাটিতে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

জেলার প্রতিটি উপজেলায় অন্তত ৯৫ শতাংশ শিশুকে টিকাদানের আওতায় আনা হবে। এর মাধ্যমে জনগণের মধ্যে বিদ্যমান ইমিউনিটি গ্যাপ কমিয়ে হাম ও রুবেলা রোগের বিস্তার দ্রুত কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রাঙ্গামাটি প্রতিনিধি

Location :

Rangamati

রাঙ্গামাটিতে আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে তিন সপ্তাহব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। স্বাস্থ্য বিভাগের আয়োজনে পরিচালিত এ কার্যক্রম চলবে ১০ মে পর্যন্ত। জেলার প্রায় ৬৩ হাজার ৬২৩ জন ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে এই টিকার আওতায় আনা হবে।

রোববার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে জেলা সিভিল সার্জন নূয়ের খীসা জানান, রাঙ্গামাটিতে বর্তমানে হাম-রুবেলার কোনো রোগী নেই। তবে আত্মতৃপ্তির সুযোগ নেই, তাই জাতীয় কর্মসূচির অংশ হিসেবে এ ক্যাম্পেইন পরিচালিত হবে।

তিনি বলেন, ‘রাঙ্গামাটিকে হাম-রুবেলা মুক্ত জেলা হিসেবে ধরে রাখতে টিকাদান কার্যক্রম অত্যন্ত জরুরি।’

প্রেস কনফারেন্সে জানানো হয়, আগে টিকা গ্রহণ বা সংক্রমণের ইতিহাস থাকুক বা না থাকুক, সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা দেয়া হবে। এর মাধ্যমে জিরো ডোজ ও লেফট-আউট শিশুদের অন্তর্ভুক্ত করা, ভ্যাকসিন প্রতিরোধযোগ্য রোগের সার্ভিল্যান্স জোরদার করা এবং মাঠপর্যায়ের সক্ষমতা বাড়ানো হবে।

সভায় উপস্থিত ছিলেন ডা. আব্দুল্লাহ আল মান্নান, ডা. প্রতিক সেন, প্রেসক্লাব সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ফোরাম সভাপতি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক নন্দন দেবনাথসহ প্রমুখ।

এদিকে সভার শুরুতে হাম-রুবেলা বিষয়ে সচেতনতামূলক প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. জয়ধন তঞ্চঙ্গ্যা।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলার প্রতিটি উপজেলায় অন্তত ৯৫ শতাংশ শিশুকে টিকাদানের আওতায় আনা হবে। এর মাধ্যমে জনগণের মধ্যে বিদ্যমান ইমিউনিটি গ্যাপ কমিয়ে হাম ও রুবেলা রোগের বিস্তার দ্রুত কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সিভিল সার্জন অফিস থেকে অভিভাবকদের আহ্বান জানানো হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে সন্তানদের টিকাদান কেন্দ্রে নিয়ে আসতে।

Topics