পিরোজপুরের কাউখালীতে উত্তর সুবিদপুর গ্রামের জেলে হানিফ খান (২৯) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ মে) দুপুরে উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের বাড়ির পাশের কচা নদীর পাড়ের একটি শৈলা গাছের ডাল থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত হানিফ খান উপজেলার উত্তর সুবিদপুর গ্রামের হোসেন খানের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে অভিমান করে হানিফ খান গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার বোন বাড়ির পাশের নদীর তীরে শৈলা গাছের সাথে ঝুলন্ত অবস্থায় হানিফকে দেখতে পেয়ে চিৎকার করেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়।
স্থানীয় ইউপি সদস্য জয়দেব ঘোষ জানান, গাছের ডালে গলায় রশি প্যাঁচানো অবস্থায় হানিফ খানের লাশ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন।
কাউখালী থানার ওসি (তদন্ত) ইবাদ আলী মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।



