কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ১৭ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যার আগে উপজেলার চরভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকা থেকে গাঁজা গাছটি জব্দ করা হয়।
পুলিশ জানায়, চরভূরুঙ্গামারী ইউনিয়নের দুর্গম ইসলামপুর চরে মাদক বিরোধী অভিযান চালানো হয়। সেখানে বাদশা মিয়া (৫০) নামের এক ব্যক্তির বসতবাড়িতে ১৭ ফুট উচ্চতার গাঁজা গাছটি ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাদশা গাছটি কেটে নদীতে ফেলে দেয়ার চেষ্টা চালায়। কিন্তু পুলিশের তৎপরতায় কাটা গাছটি উদ্ধার করা সম্ভব হয়। তবে মাদককারবারি বাদশা পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় বাদশার বাড়িতে অবস্থানরত সন্দেহভাজন হিসাবে তার ছেলে ফারুককে (২০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে সাড়াঁশি অভিযান চলবে। মাদককারবারিরা দুর্গম এলাকায় অবস্থান করলেও পুলিশকে ফাঁকি দেয়ার সুযোগ নেই। তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।



