ময়মনসিংহের ভালুকায় উপজেলার মল্লিকবাড়ি ও মেদুয়ারী ইউনিয়নের বয়ে যাওয়া ‘বাঁকাখাল’ (কুচখালী খাল) নামের একটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু রোববার (৩ মে) সকালে এ খনন কাজের উদ্বোধন করেন।
এ উপলেক্ষে উপজেলার সোয়াইল শান্তির বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফিরোজ হোসেনের সভাপত্বিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদের সঞ্চালনায় ওই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইকবাল হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মহিদুল আলম ও মল্লিকবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুঞ্জুরুল ইসলাম মুঞ্জু প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মহিদুল আলম জানান, ত্রাণ মন্ত্রণালয় থেকে ১ কোটি ৯০ লাখ ৬৬৪ টাকা বরাদ্দে উপজেলার রূপির খাল থেকে খিরু নদী পর্যন্ত ৫ দশমিক ৯ কিলোমিটার খালটি খনন করা হচ্ছে। কাজটি আগামী ২০ জুনের তারিখের মধ্যে শেষ হওয়ার কথা। উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে ছয় সদস্য বিশিষ্ট কমিটি ওই খাল খানন কাজের দায়িত্ব পালন করবেন।



