গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের গফরগাঁওয়ে কাওছার আলম (৪৪) নামে এক ব্যক্তিকে গাছে বেঁধে মস্তক বিচ্ছিন্ন করে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২২ মে) নিহতের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পাগলা থানায় মামলাটি করেন।
নিহত কাওছার আলম দিনাজপুরের বিরামপুর উপজেলার দেবীপুর গ্রামের মো. জামেদ আলীর ছেলে।
গত বুধবার রাতে গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের দরিচাইরবাড়িয়া গ্রামের শাহ কান্দা ভিটা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, প্রায় ১৫ বছর আগে পারিবারিক অভিমানে বাড়ি ছেড়ে গাজীপুরের শ্রীপুর এলাকায় চলে যান কাওছার আলম। সেখানে এমসি বাজার এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি তিনটি বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদ হয় এবং দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর পর তৃতীয় বিয়ে করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল মোতালেব বলেন, “এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে পরকীয়াজনিত বিরোধের বিষয়টি সামনে এসেছে।”
তিনি আরো বলেন, “ঘটনার ধরন দেখে মনে হচ্ছে, এতে পেশাদার খুনির সংশ্লিষ্টতা থাকতে পারে।”
মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল মোতালেব জানান, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই হত্যাকাণ্ডের সাথে পরকীয়ার ঘটনা জড়িত থাকতে পারে।
পেশাদার খুনি ছাড়া এ ধরনের ঘটনা সম্ভব না বলেও জানান তিনি।



