ফরিদপুরে হামের উপসর্গে আরো এক শিশুর মৃত্যু

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ মে পর্যন্ত ফরিদপুরে হাম ও হামের উপসর্গে মোট ১৭ শিশুর মৃত্যু হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Faridpur

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) সকাল ৮টা থেকে শনিবার (৩০ মে) সকাল ৮টার মধ্যে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই সময়ে জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে আরো ৪৫ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে।

মৃত শিশুটির নাম রাফসানা (৪ মাস)। সে ফরিদপুর শহরের আলীপুর মহল্লার বাসিন্দা মো. রুবেলের মেয়ে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ মে পর্যন্ত ফরিদপুরে হাম ও হামের উপসর্গে মোট ১৭ শিশুর মৃত্যু হয়েছে।

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, মৃত শিশুদের মধ্যে ফরিদপুর জেলার পাঁচজন, গোপালগঞ্জের চারজন, মাদারীপুর ও রাজবাড়ীর তিনজন করে এবং মাগুরা ও যশোরের একজন করে রয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৩ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ১২ জনসহ মোট ৪৫ জন নতুন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে দুটি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১৩৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ৯৩ জন পূর্বে ভর্তি হওয়া রোগী।

ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, “শিশুটি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিল। তার নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষার ফলাফল আসার আগেই মৃত্যু হয়।”

তিনি আরো বলেন, “পরীক্ষার ফল পাওয়া না গেলেও উপসর্গ, চিকিৎসা পদ্ধতি ও রোগীর জটিলতার ভিত্তিতে এটিকে আমরা ক্লিনিক্যালি হামে মৃত্যু হিসেবে বিবেচনা করছি।”

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্ত শিশুদের চিকিৎসা ও পর্যবেক্ষণে হাসপাতালগুলোতে বিশেষ ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি অভিভাবকদের শিশুদের মধ্যে জ্বর, শরীরে লালচে দানা বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।