নোয়াখালীতে জুয়া খেলার বিরোধ থামাতে গিয়ে ব্যবসায়ী নিহত

ঝগড়া থামাতে গেলে মিনু আলী হাজী বাড়ির ইমাম উদ্দিনের নেতৃত্বে কয়েকজন কামালের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
সুধারাম মডেল থানা
সুধারাম মডেল থানা |নয়া দিগন্ত

নোয়াখালীর সদরে জুয়ার খেলার বিরোধ থামাতে গিয়ে মো: কামাল উদ্দিন (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লচি সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত কামাল উপজেলার দাদপুর লচি সর্দার বাড়ির মরহুম মো: সোলেমানের ছেলে কামাল উদ্দিন। তিনি গাছের ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কামালের ছেলে তারেক ও ভাতিজা ফরহাদ পাশের বাড়ির মিনু আলী হাজী বাড়ির রনি ও শামুর সাথে চলাফেরা করতেন। ঈদুল আজহার ছুটিতে তারা লচি সর্দার বাড়ির পেছনে জুয়ার আসর বসান। বিষয়টি জানাজানি হলে পাশের মিনু আলী হাজী বাড়ির লোকজনের সাথে ফরহাদের কথা কাটাকাটি হয়। এর জেরে শনিবার রাত সোয়া ৯টার দিকে লচি সর্দার বাড়িতে দু’পক্ষের লোকজনের মধ্যে আবারো ঝগড়া শুরু হয়।

এ সময় ঝগড়া থামাতে গেলে মিনু আলী হাজী বাড়ির ইমাম উদ্দিনের নেতৃত্বে কয়েকজন কামালের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই ও সাবেক ইউপি সদস্য মো: তোফায়েল বলেন, ‘পাশের বাড়ির ইমাম উদ্দিনের নেতৃত্বে কয়েকজন আমাদের বাড়িতে এসে অতর্কিত হামলা চালায়। আমার ভাই কামাল তাদের বাধা দিতে গেলে তার ওপর হামলা করে।’

এ বিষয়ে সুধারাম মডেল থানার ওসি (তদন্ত) শ্রীরাম চন্দ্র ভট্রাচার্য বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।’