মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের মিরসরাইয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয় জামায়াত সূত্রে জানা যায়, আগামী ৫ সেপ্টেম্বর ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চে মহাসড়কের ছয়টি পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হবে। এগুলোর মধ্যে একটি পথসভা চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলা সদরে অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৫টায় এ পথসভা হওয়ার কথা রয়েছে। পথসভা ও লংমার্চ সফল করার লক্ষ্যেই উপজেলার দুটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন এবং ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।
উপজেলা আমির মো: নুরুল কবিরের সভাপতিত্বে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি নুরুল আমিন চৌধুরী এবং প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আমির মো: আলাউদ্দিন সিকদার।
সমাবেশে বক্তারা ৫ সেপ্টেম্বরের লংমার্চ ও মিরসরাইয়ের পথসভা সফল করতে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা আমির মো: নুরুল কবির বলেন, ‘লংমার্চ কর্মসূচি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আমরা ইতোমধ্যে মিরসরাই থানা পুলিশের সাথে মতবিনিময় করেছি। শীঘ্রই জোরারগঞ্জ থানা পুলিশের সাথেও আলোচনা করব।’
তিনি জানান, লংমার্চের দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশের ধুমঘাট সেতু থেকে বড় দারোগারহাট বাজার পর্যন্ত নেতাকর্মীরা অবস্থান নেবেন এবং উপজেলা সদরের পথসভায় কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন।
নুরুল কবির বলেন, লংমার্চ ও পথসভা সফল করতে ইতোমধ্যে একাধিক সাব-কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি দিন-রাত নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে।
সমাবেশে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমির মো: আবু তাহের, জোরারগঞ্জ থানা জামায়াতের আমির মো: নুরুল হুদা হামিদী ও জামায়াত নেতা কুতুব উদ্দিন শিবলুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।



