মদন (নেত্রকোনা) সংবাদদাতা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার মদনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় মদন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির, উপজেলা বিএনপির উপদেষ্টা মির্জা রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমেদ সেকুল, যুববিষয়ক সম্পাদক কামরুল হাসান, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম হাসানসহ স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্রের জন্য তার ভূমিকা তুলে ধরে বলেন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্ব ও সংগ্রাম দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।



