নোয়াখালীর সুবর্ণচরে তেল শেষ হয়ে যাওয়াকে কেন্দ্র করে একটি ফিলিং স্টেশনে বিক্ষোভের ঘটনা ঘটেছে। এতে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেন।
নূরানী ফিলিং স্টেশনের ম্যানেজার মো: ফারুক হোসেন জানান, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তেল সরবরাহ করা হয়। এ সময় তেল শেষ হয়ে গেলে বিকেলে ৫টার দিকে ক্রেতারা বিক্ষোভ প্রদর্শন করেন ও অফিস কক্ষ ভাঙচুর করেন।
ওসি লুৎফর রহমান জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত তেল সরবারহ করে সাড়ে ৪টার দিকে তেল শেষ হয়ে যায়। তেল না পেয়ে মোটরসাইকেল চালকরা ফিলিং স্টেশনে বিক্ষোভ প্রদর্শন করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।



