বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের বাঁশখালীর নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে বাঁশখালীর চাম্বল বাজারে নিজ হাতে সড়কের ময়লা পরিষ্কার করেন তিনি।
মাওলানা জহিরুল ইসলাম বলেন, ‘পরিচ্ছন্ন বাঁশখালী গড়ার লক্ষ্যে আমরা ঝাড়ু হাতে নিয়ে মাঠে নেমেছি। মানবিক নেতা জামায়াত আমির ডা: শফিকুর রহমানের নেতৃত্বে আমরা একটি পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। পরিষ্কার ও পরিচ্ছন্নতা ঈমানের অংশ। সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা প্রতিদিন এক থেকে দুই ঘণ্টা করে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করবেন। সড়কে এই পরিচ্ছন্নতা অভিযান একটি প্রতীকি কর্মসূচি।’
তিনি আরো বলেন, ‘রাষ্ট্রের যেখানেই আবর্জনা তৈরি হবে সেখানেই জামায়াতে ইসলামীর এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে, ইনশাআল্লাহ। সবার আন্তরিক সহযোগিতা নিয়ে আমরা মানবিক বাংলাদেশ গঠনে সক্ষম হবো, ইনশাআল্লাহ।’
পরিচ্ছন্নতা অভিযানে সমাজসেবক আলী নেওয়াজ চৌধুরী ইরান, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মর্তুজ আলী, চাম্বল ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল জলিল মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।



