টাঙ্গাইলের ভূঞাপুরে ভারী বর্ষণে তলিয়ে যাওয়া পাকা ধান কেটে দিয়েছে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল থেকেই বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা ধান কাটা শুরু করেন।
কয়েক দিনের ভারী বর্ষণে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। শ্রমিক না পেয়ে ধান কাটতে না পারায় তলিয়ে যাচ্ছিল পাকা ধান। এমন পরিস্থিতিতে পানিতে তলিয়ে যাওয়া গোবিন্দাসী গ্রামের কৃষক আব্দুল আজিজের ৪২ শতাংশ জমির ধান কেটে দিয়েছে ইউনিয়ন বিএনপি। পরে তা বাড়িতে এনে মাড়াই করে দেন তারা।
কৃষক আজিজ জানান, ভারী বৃষ্টিতে জমির ধান পুরোপুরি তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। বেশি মজুরিতেও ধানকাটা শ্রমিক পাওয়া যাচ্ছিল না। কষ্ট করে ফসল ফলিয়েও ছেড়ে দেয়া হয়েছিল ধান ঘরে তোলার আশা। পরে বিষয়টি বিএনপির নেতাকর্মীরা জানতে পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে। এ জন্য তাদের প্রতি তিনি কৃতজ্ঞ।
গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাকসুদ জামিল মিন্টু বলেন, ‘বিষয়টি আমাদের নজরে আসায় বৃহস্পতিবার সকাল থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তলিয়ে যাওয়ার উপক্রম হওয়া জমির ধান কেটে দিয়েছি। যাদের এমন সমস্যা সর্বদা তাদের পাশে থাকবে বিএনপি।’



