চট্টগ্রামের আনোয়ারায় চুরি হওয়া একটি সিএনজিচালিত অটোরিকশার রহস্য উদ্ঘাটন করে আন্তঃজেলা সিএনজি অটোরিকশা চোরচক্রের মূলহোতাসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) রাতে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ শেরশাহ কলোনি ও বহদ্দারহাট ফ্লাইওভারের নিচে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন মো: এরশাদ (৩৮) এবং তার সহযোগী মো: শামিম মাতব্বর তামিম (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, আনোয়ারার শিলাইগড়া এলাকার বাসিন্দা ও পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক মফজল আহমদ গত ১১ জুলাই রাতে তার পারিবারিক মালিকানাধীন সিএনজি অটোরিকশাটি বাড়ির উঠানে রেখে নিজ বাড়িতে যান। পরদিন ভোরে ঘুম থেকে ওঠে তিনি বাড়ির গেট ও গাড়ির তালা ভাঙা অবস্থায় দেখতে পান। একইসাথে সিএনজি অটোরিকশাটি নিখোঁজ ছিল। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তিনি আনোয়ারা থানায় একটি মামলা করেন। চুরি যাওয়া সিএনজি অটোরিকশাটির আনুমানিক মূল্য তিন লাখ ৭০ হাজার টাকা।
মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করে। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, গ্রেফতার হওয়া এরশাদ আন্তঃজেলা সিএনজিচালিত অটোরিকশা চোরচক্রের মূলহোতা। তার বিরুদ্ধে রাঙ্গামাটির কাউখালী এবং চট্টগ্রামের সীতাকুণ্ড, হাটহাজারী, রাউজান ও চান্দগাঁও থানাসহ বিভিন্ন থানায় সিঁধেল চুরি ও মাদক আইনে ছয়টিরও বেশি মামলা রয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি চুরি যাওয়া সিএনজি অটোরিকশা উদ্ধার এবং মামলার তদন্তও চলমান রয়েছে।



