মুন্সীগঞ্জ পৌরসভায় কর বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিতের দাবিতে স্মারকলিপি

সাম্প্রতিক সময়ে পৌরসভার কর অস্বাভাবিকভাবে বৃদ্ধির উদ্যোগ সাধারণ নাগরিকদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। সেবার মান উন্নয়ন না করে এ ধরনের কর বৃদ্ধি গ্রহণযোগ্য নয়।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদানের মুহূর্ত
জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদানের মুহূর্ত |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ পৌরসভার কর অস্বাভাবিকভাবে বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিতের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় নাগরিকরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সামাজিক সংগঠন ‘নাগরিক বন্ধু’র উদ্যোগে জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি দেয়া হয়।

সংগঠনটির আহ্বায়ক মুহম্মদ মাসুদ রানার নেতৃত্বে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক (ডিসি) সৈয়দা নুরমহল আশরাফীর কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো: আরিফ হোসেন, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার, সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি মো: মহসিন মিয়া, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো: হুমায়ুন আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

স্মারকলিপিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে পৌরসভার কর অস্বাভাবিকভাবে বৃদ্ধির উদ্যোগ সাধারণ নাগরিকদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। সেবার মান উন্নয়ন না করে এ ধরনের কর বৃদ্ধি গ্রহণযোগ্য নয়।

এ বিষয়ে সংগঠনের আহ্বায়ক মুহম্মদ মাসুদ রানা বলেন, ‘মুন্সীগঞ্জ পৌরসভা একটি স্বায়ত্তশাসিত সেবামূলক প্রতিষ্ঠান, কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়। পানি সরবরাহ ও পরিচ্ছন্নতার মতো মৌলিক সেবাকে বাণিজ্যিক মডেলে পরিচালনা করে অতিরিক্ত কর আরোপ করা কল্যাণধর্মী রাষ্ট্রের ধারণার সাথে সাংঘর্ষিক। সেবার মান নিশ্চিত না করে কোনো কর বৃদ্ধি মেনে নেয়া হবে না।’