যশোরের চৌগাছায় ইজিবাইকের নিচে চাপা পড়ে ইমরান হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) বিকেলে চৌগাছা-কোটচাঁদপুর সড়কের মেসার্স বিশ্বাস ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান হোসেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার চানপাড়া গ্রামের রায়হান হোসেনের ছেলে।
জানা যায়, ইমরান হোসেন ইজিবাইকযোগে তার শাশুড়িকে ডাক্তার দেখানোর জন্য চৌগাছায় যাচ্ছিলেন। তারা ঘটনাস্থলে পৌঁছালে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ইজিবাইকের নিচে চাপা পড়ে মারাত্মক আহত হন ইমরান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ডাক্তাররা যশোর সদর হাসপাতালের রেফার্ড করেন। পরে যশোরে যাওয়ার পথে তিনি মারা যান।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


