নাটোরের নলডাঙ্গায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) পৌর সাধারণ সম্পাদক মো: আকবর আলীর ওপর হামলা, মারধর ও মোটরসাইকেলসহ টাকা ছিনতাইয়ের প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাসাস ও সমমনা রাজনৈতিক দলের স্থানীয় নেতা-কর্মীরা এ মানববন্ধনে যোগ দেন।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নলডাঙ্গা উপজেলা ও পৌর জাসাসের আয়োজনে নলডাঙ্গা রেলওয়ে প্ল্যাটফর্মে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপির নাম ভাঙিয়ে একটি চক্র এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, সাংবাদিক লাঞ্ছনাসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে বাড়ি ফেরার পথে নলডাঙ্গা পৌর জাসাসের সাধারণ সম্পাদক মো: আকবর আলীর ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় তাকে মারধর করে নগদ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়া হয়েছে।
বক্তারা অবিলম্বে হামলা ও ছিনতাইয়ের সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে উপজেলা সমবায় দলের সভাপতি মো: আনোয়ার হোসেন, পৌর সমবায় দলের সাধারণ সম্পাদক মো: নাহিদ ইসলাম, পৌর জাসাসের সভাপতি মো: শাহিন মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, সোমবার রাত ১১টার দিকে পৌর জাসাসের সাধারণ সম্পাদক আকবর আলী বাড়ি ফিরছিলেন। পথে নলডাঙ্গা পৌর বিএনপির তিন নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক বাবর আলী বাচ্চু ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার পথরোধ করে অতর্কিত হামলা চালায়।
এ সময় আকবর আলীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা তার ব্যবহৃত মোটরসাইকেল ও নগদ এক লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী আকবর আলী নলডাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।



