সিলেটে ক্রেতা সেজে দোকানে চুরি, তিন নারীসহ গ্রেফতার ৭

গত ২৮ জানুয়ারি বিকেলে এয়ারপোর্ট থানাধীন গোয়াইপাড়া এলাকার চাষনীপীর মাজার রোডস্থ ‘সাফওয়ান স্টোর’ নামক দোকানে চুরির ঘটনা ঘটে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
গ্রেফতার আন্তঃজেলা চোর চক্রের সাত সদস্য
গ্রেফতার আন্তঃজেলা চোর চক্রের সাত সদস্য |নয়া দিগন্ত

সিলেট নগরীর বিভিন্ন দোকানে ক্রেতা সেজে চুরির অভিযোগে তিন নারীসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা উদ্ধার করা হয়।

গত ৩২ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার আসামিরা আন্তঃজেলা সঙ্ঘবদ্ধ চোরচক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সূত্রে জানা গেছে, গত ২৮ জানুয়ারি বিকেলে এয়ারপোর্ট থানাধীন গোয়াইপাড়া এলাকার চাষনীপীর মাজার রোডস্থ ‘সাফওয়ান স্টোর’ নামক দোকানে চুরির ঘটনা ঘটে। এ সময় নারী সদস্যরা বোরকা পরে ক্রেতা সেজে দোকানের ভেতরে অবস্থান নেয় এবং পুরুষ সদস্যরা বিভিন্ন মালামালের মূল্য নির্ধারণ ও পছন্দ করার ভান করে দোকান মালিককে ব্যস্ত রাখে। পরে তারা ক্যাশ বাক্স থেকে নগদ দুই লাখ ৩০ হাজার টাকা এবং এমবি কার্ড ও মিনিট কার্ড বাবদ প্রায় ২০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

পরে একই চক্র গত ২৯ এপ্রিল সন্ধ্যায় মজুমদারী এলাকার ‘ইরাম জেনারেল স্টোর’ নামক দোকান থেকে ৮৭ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

এসব ঘটনায় দায়ের করা দু’টি মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ আকাশ ওরফে আপন (৩০), ফকির আলী (৩১), সাদিকা বেগম (২১), ফাইজা বেগম (২৩), মো: নাহিদ সিকদার (২৪), শুভরাজ দে (২২) ও রোকেয়া বেগমকে (৫০) গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, চোর চক্রটি সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারসহ আশপাশের জেলার বিভিন্ন এলাকার শপিংমল, সুপার শপ, বিপণিবিতান ও দোকানপাটে বোরকা পরে ক্রেতা সেজে প্রবেশ করে কৌশলে চুরির কার্যক্রম পরিচালনা করে আসছিল।

এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম বলেন, ‘আইনানুগ ব্যবস্থা গ্রহণ-পূর্বক গ্রেফতার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।’