ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কচুয়া বাজারে অন্য দোকান থেকে সিগারেট এনে না দেয়ায় ব্যবসায়ী সমীর চক্রবর্তী ও তার দুই ছেলেকে কুপিয়ে আহত করার ঘটনায় হামলাকারী রাজা ফকিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক ঘণ্টা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কচুয়া বাজারের ব্যবসায়ীরা।
রোববার (২৩ আগস্ট) বেলা ১১টায় স্থানীয় কচুয়া বাজারের রাজাপুর-কাঁঠালিয়া প্রধান সড়কে ব্যবসায়ী ও এলাকাবাসীর আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন—বাজার সমিতির সভাপতি মো: মোস্তফা হেলাল কিরন, সাধারণ সম্পাদক মো: রিপন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতা তপন কুমার হালদার, ব্যবসায়ী মনিরুল ইসলাম, জাকির হোসেন, সুমন চন্দ্র দাস, রিনা রানী, সেফালী রানীসহ আরো অনেকে।
বক্তারা রাজা ফকিরের দৃষ্টান্তমূলক শাস্তি ও ব্যবসায়ীদের নিরাপত্তার জোর দাবি জানান।
উল্লেখ্য, শুক্রবার (২১ আগস্ট) দুপুরে অন্য দোকান থেকে সিগারেট এনে না দেয়ায় ক্ষিপ্ত হয়ে ফারুক ফকিরের ছেলে রাজা ফকির (৩০) দোকানি সমীর চক্রবর্তী ও তার দুই ছেলেকে কুপিয়ে জখম করে। ঘটনার পরপরই হামলাকারীকে আটক করে পুলিশ।
এ ঘটনায় আহত ব্যবসায়ী সমীর চক্রবর্তীর স্ত্রী রীনা রানী বাদী হয়ে শুক্রবার বিকেলে রাজা ফকিরসহ দুজনকে আসামি করে কাঁঠালিয়া থানায় মামলা দায়ের করেন।



