ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে মাসুদ (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা।
রোববার (১৪ জুন) সকাল ৬টার দিকে শ্রীনগর উপজেলার কেয়টখালী ব্রীজ-১ সংলগ্ন মাওয়ামুখী সার্ভিস লেনে এলাকার সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, উদ্ধারের পর তাৎক্ষণিক লাশটির পরিচয় পাওয়া যায়নি। একইসাথে প্রত্যক্ষদর্শীর অভাব এবং ঘটনাস্থলে পর্যাপ্ত তথ্য না থাকায় প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়ে বেলা ২টার দিকে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মামুন আল রশীদ নয়া দিগন্তকে জানান, মুন্সীগঞ্জ পিবিআইয়ের কর্মকর্তারা লাশের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লাশের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীন ওই যুবক রাস্তায় চলাচলে সময় কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়ে থাকতে পারে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



