ঝালকাঠিতে দা দিয়ে কুপিয়ে মাকে হত্যা, ছেলে আটক

নেশাগ্রস্ত হওয়ায় কিছুদিন ধরে সাগর মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের সবার সাথে তিনি অস্বাভাবিক আচরণ করতেন। প্রায়ই তিনি তার মাকে মারধর করতেন। রোববার দুপুরে মায়ের সাথে তার কথা কাটাকাটি হয়। এ সময় দা দিয়ে কুপিয়ে তিনি তার মাকে হত্যা করেন।

Location :

Jhalokati
আটক অভিযুক্ত ছেলে সাগর খান
আটক অভিযুক্ত ছেলে সাগর খান |নয়া দিগন্ত

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে মানসিক ভারসাম্যহীন ছেলে দা দিয়ে কুপিয়ে তার মাকে হত্যা করেছেন। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ধানসিঁড়ি ইউয়িনের বৈদারাপর মোল্লা বাড়ি এলাকায় এ খুনের ঘটনা ঘটে।

নিহত নারীর নাম শেফালী বেগম (৬২)। তিনি ওই গ্রামের আহম্মদ খানের স্ত্রী। অভিযুক্ত ছেলে সাগর খান (৩২) ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে। ঘাতক সাগর তিন ভাইবোনের মধ্যে সবার ছোট।

পুলিশ ও স্থানীয় জানায়, নেশাগ্রস্ত হওয়ায় কিছুদিন ধরে সাগর মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের সবার সাথে তিনি অস্বাভাবিক আচরণ করতেন। প্রায়ই তিনি তার মাকে মারধর করতেন। রোববার দুপুরে মায়ের সাথে তার কথা কাটাকাটি হয়। এ সময় দা দিয়ে কুপিয়ে তিনি তার মাকে হত্যা করেন। আশপাশের লোকজন ছুটে এসে শেফালী বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।

ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মো: বেলায়েত হোসেন জানান, নিহত শেফালী বেগমের লাশ প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই ঘাতক ছেলে সাগরকে আটক করা হয়েছে।