প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘সীমান্তবর্তী জনপদ জৈন্তাপুরে মাদক ও চোরাচালান কোনোভাবেই বরদাশত করা হবে না। উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবিকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘সীমান্ত সুরক্ষার পাশাপাশি তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে।’
মন্ত্রী বলেন, অপরাধ দমনে গাফিলতির জন্য স্থানীয় প্রশাসন, পুলিশ বা বিজিবি—কাউকেই ছাড় দেয়া হবে না।
তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, আগামী তিন সপ্তাহ শুধু প্রচার করুন। এরপর আমি দেখব কীভাবে চোরাচালান বন্ধ করা যায়।
এক প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, আগামী ১৯ জুলাই মন্ত্রিসভার বৈঠকে সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি চালুর বিষয়ে আলোচনা হওয়ার পরিকল্পনা রয়েছে। তবে তিনি সংশ্লিষ্টদের এমন কোনো কর্মকাণ্ডে জড়িত না হওয়ার আহ্বান জানান, যাতে বিষয়টি নিয়ে তাকে মন্ত্রিসভার বৈঠকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়।
তিনি আরো জানান, কওমি মাদরাসার শিক্ষার্থীদের জন্য খুব শিগগিরই একটি প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হবে।
মঙ্গলবার জৈন্তাপুর উপজেলার দারুল হাদিস ইমদাদুল উলুম লামনীগ্রাম মাদরাসায় মরহুম মাওলানা আব্দুল জব্বার স্মরণে আয়োজিত দোয়া মাহফিল শেষে সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি শাহা, পুলিশ সুপার ড. মো: যাবের সাদেক, ১৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মুমিন, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়, সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সালমান নূর আলম, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এর আগে মন্ত্রী মরহুম মাওলানা আব্দুল জব্বারের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া পরিচালনা করেন দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা আলিম উদ্দিন।
এ সময় হরিপুর মাদরাসার মুহতামিম মাওলানা হিলাল আহমদ, খরিলহাট মাদরাসার মুহতামিম মাওলানা আবু হানিফ, জমিয়ত নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী, লামনীগ্রাম মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল কুদ্দুসসহ স্থানীয় আলেম ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



