চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল কাশেম (৫৭) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টার দিকে তিনি মারা যান।
নিহত আবুল কাশেম পটিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ড দক্ষিণ গোবিন্দার খীল এলাকার ডাক্তার বাড়ির মরহুম আইয়ুব আলীর বড় ছেলে। তিনি পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির নেতা বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল সকালে পটিয়া উপজেলার পৌদরস্ত বাহুলী-গোবিন্দারখীল সংযোগ সড়কে প্রতিবেশী ইব্রাহীম প্রকাশ বেহলাসের ছেলেদের সাথে জমি সংক্রান্ত বিরোধের জেরে আবুল কাশেমের ওপর হামলার ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৫ দিন পর গতকাল সকালে তিনি মৃত্যুবরণ করেন।
পটিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মে: জিয়াউল হক বলেন, ‘ঘটনার বিষয়ে একটি হত্যা চেষ্টা মামলা রেকর্ড করা হয়েছে। সেটাই আদালতের অনুমতি নিয়ে হত্যা মামলা হিসাবে রেকর্ড করা হবে।’ এদিকে আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।



