কুমিল্লার বুড়িচংয়ে সরকারিভাবে বোরো ধানের চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) বেলা ১১টার দিকে উপজেলা খাদ্যগুদামে মিল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: তানভীর হোসেন।
তিনি বলেন, ‘সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে নির্ধারিত সময়ে চাল সংগ্রহ সম্পন্ন করা হবে। এতে কৃষক ও মিল মালিকরা ন্যায্যমূল্য পাবেন এবং খাদ্য মজুদ শক্তিশালী হবে।’
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, উপজেলা খাদ্য কর্মকর্তা মো: হারুন অর রশিদ, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের বুড়িচং উপজেলা সংবাদদাতা কাজী খোরশেদ আলম, উপজেলা খাদ্য পরিদর্শক আবদুর রহমান খান, শুভাস দেবনাথসহ বিভিন্ন মিলের মালিক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা খাদ্য বিভাগের সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ১৫ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত বুড়িচং উপজেলায় সরকারিভাবে মোট ২২ হাজার টন বোরো ধানের চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত মান বজায় রেখে পর্যায়ক্রমে মিল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে।
সংশ্লিষ্টরা আশা করেছেন, এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় কৃষকদের উৎপাদিত ধানের সঠিক মূল্য নিশ্চিত হবে এবং জাতীয় খাদ্য ভাণ্ডার সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



