যশোরে বিজিবির অভিযানে স্বর্ণ চোরাকারবারি আটক

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, ‘সীমান্ত এলাকায় স্বর্ণসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।

নিজস্ব প্রতিবেদক
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণের বার উদ্ধার
যশোরে বিজিবির অভিযানে স্বর্ণের বার উদ্ধার |নয়া দিগন্ত

যশোর-নড়াইল মহাসড়কে বিশেষ অভিযানে প্রায় সাত কোটি ১৪ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বারসহ দু’জন চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২০ জুন) দিবাগত রাত ২টায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি চৌকস টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় ব্যাটালিয়নের ১ নম্বর গেইটের সামনে একটি প্রাইভেটকার তল্লাশি করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে ৩১টি স্বর্ণের বার ছাড়াও একটি প্রাইভেটকার, তিনটি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৮১৫ টাকা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে সাত কোটি ৬৮ লাখ ৫৫ হাজার ৮০৫ টাকা।

তাদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। উদ্ধার করা স্বর্ণ সরকারি ট্রেজারিতে জমা দেয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, ‘সীমান্ত এলাকায় স্বর্ণসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।

তিনি আরো বলেন, চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।