ঠাকুরগাঁওয়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোল চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে চৌরাস্তা হয়ে পুনরায় পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা ১১ দলীয় ঐক্যের দলগুলোর বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম, খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি ইসমাইল বিন হায়দার, শহর জামায়াতের আমির অধ্যক্ষ শামসুজ্জামান শাহ শামীম, সদর উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি এস এম আদিউল ইসলাম প্রমুখ। এ সময় ১১ দলীয় ঐক্যের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তাগণ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতি ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো গণভোট। যা দেশবাসীর আশা আকাঙ্খার বহিঃপ্রকাশ। দেশের প্রায় ৭০ শতাংশ ভোটারের মতামত উপেক্ষা করে বর্তমান সরকার গণভোট অধ্যাদেশ বাতিলের ষড়যন্ত্র করছে। দেশবাসী কখনোই তা মেনে নেবে না। সুতরাং কোনো প্রকার অজুহাত না দেখিয়ে অনতিবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। অন্যথায় দেশপ্রেমিক জনতা তাদের দাবি আদায়ে আবারো রাজপথে নামতে বাধ্য হবে।



