বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের আর মাত্র দুই দিন বাকি। নির্বাচনের আগমুহূর্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় কাজ করছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এ সময় ভোটকেন্দ্র রেকি ও সড়কে টহলের পাশাপাশি ডগ স্কোয়াড দিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালাতে দেখা যায়।
মঙ্গলবার (৭ এপ্রিল) বগুড়া-৬ আসনের বিভিন্ন এলাকা ঘুরে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির কার্যক্রম চোখে পড়ে।
বিজিবি পক্ষ থেকে জানানো হয়, অবৈধ অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ, সম্ভাব্য নাশকতা প্রতিরোধ ও ভোটারদের মধ্যে আস্থা বাড়াবে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ করছে। সিভিল প্রশাসনকে সহায়তা করতে বিজিবি সার্বক্ষণিক মাঠে আছে। নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, উপনির্বাচনকে সামনে রেখে ২ এপ্রিল বগুড়ায় বিজিবি মোতায়েন করা হয়। এরপর থেকে বগুড়া-৬ নির্বাচনী এলাকায় নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের ৮ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।



