আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) ফরিদপুরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন দুপুর পৌনে ২টায় তিনি শহরের রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। দলের নবনির্বাচিত এই চেয়ারম্যানের সভা সফল করতে চলছে ব্যাপক প্রস্তুতি।
সোমবার রাতে ঢাকা থেকে মঞ্চ তৈরির জন্য একটি টিম এসে কাজ শুরু করেছে শহরের রাজেন্দ্র কলেজের মাঠে জনসভাস্থলে। এছাড়া পাড়ায় মহল্লায় নেতাকর্মীদের মাঝে চলছে সমর্থকদের নিয়ে সভায় যোগদানের প্রস্তুতি।
দলীয় সূত্রে জানা গেছে, ফরিদপুরে এবারই প্রথম রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে আসছেন তারেক রহমান। এর আগে তিনি গোপালগঞ্জে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় যোগ দিয়ে ফরিদপুরে এলেও কোনো কর্মসূচিতে অংশ নেননি। সেবার ফরিদপুর সার্কিট হাউসে রাত যাপন করে চলে যান তিনি।
তাই এবারের এই কর্মসূচিই হতে যাচ্ছে তার প্রথম কোনো রাজনৈতিক কর্মসূচি ফরিদপুর জেলা শহরে। তাই সকলের মাঝেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। জনসভা সফল করতে জেলার বিভিন্ন এলাকায় প্রস্তুতি সভা ও প্রচারণা চালানো হচ্ছে।
নেতাদের আশা, সমাবেশে লাখো মানুষের সমাগম হবে। এই জনসভায় ফরিদপুরের পাঁচটি জেলার ১৫ জন প্রার্থীকে তারেক রহমান পরিচয় করিয়ে দেবেন।
এ বিষয়ে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন বলেন, বুধবার সকাল ১১টার সময় ফরিদপুরের ঐতিহাসিক সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে তারেক রহমান পৌঁছাবেন। এবং সেখানে নির্ধারিত সমাবেশ মঞ্চে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা বলেন, ফরিদপুরের ৫টি জেলা ও বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক মানুষের আগমন ঘটবে। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ফরিদপুরে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত জনসমাগম হবে। এখানে শুধু বিএনপির নেতাকর্মী নয়, সাধারণ মানুষও অংশ নেবেন।



