ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
আজ সোমবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতা সমিতিঘর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী একটি বালুবোঝাই ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আটোতে থাকা তিন নারী যাত্রী নিহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি উল্টে যায়।
এ ঘটনায় ট্রাকের চালক, তার সহকারী ও অটোরিকশার চালক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় উভয় যানবাহনই দ্রুতগতিতে চলছিল, যা এই প্রাণঘাতী সংঘর্ষের অন্যতম কারণ হতে পারে।
ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে তিন নারীর লাশ উদ্ধার করেন এবং পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


