জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম বলেছেন, ‘আদর্শিক ও নৈতিকতাসম্পন্ন নাগরিক গড়তে হলে তরুণ প্রজন্মকে কোরআন শিক্ষায় আগ্রহী করে তুলতে হবে। মহান আল্লাহর প্রদত্ত ও মানবতার নবী মোহাম্মদ স: প্রদর্শিত জীবনব্যবস্থা পরিপূর্ণরূপে অনুসরণের মধ্য দিয়েই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবন কল্যাণময় হতে পারে। পৃথিবীব্যাপী মানবরচিত সব মতবাদ ব্যর্থ প্রমাণিত হয়েছে। পবিত্র কোরআন হিফয, অধ্যয়ন ও সেই অনুযায়ী জীবন গঠনের মাধ্যমে দুনিয়া ও আখিরাতে কল্যাণ ও মুক্তির পথ সুগম হতে পারে।’
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এটিএন বাংলা’ কর্তৃক প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান ‘কোরআনের সুর প্রতিভার সন্ধানে ২০২৬’-এ জাতীয় পর্যায়ে ২য় স্থান অর্জন করা লোহাগাড়ার হাফেজ হুজাইফা বিন শিব্বিরের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথা বলেন।
চুনতির লা-মেসা রেস্টুরেন্টে অ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলিফ স্মৃতি সংসদ’র উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মৌলানা জহিরুল ইসলাম এমপি।
অ্যাডভোকেট নাওশেদ আলীর সঞ্চালনায় ও হাফেজ মাওলানা শহিদুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা খন্দকার মাহবুবুল হক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: কাশেম কামাল, লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, রশিদের ঘোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান, আধুনগর ইসলামিয় কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ওসমান গণি, লোহাগাড়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ ড. আব্দুল কাদের, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান, বিএনপি নেতা আব্দুল আলম, ব্যবসায়ী নুরুচ্ছফা, সাবেক ইউপি সদস্য মুফিজুর রহমান, প্রজন্ম লোহাগাড়ার সভপতি মাষ্টার ফারুখ, মাস্টার নাছির উদ্দীন প্রমুখ।
উদ্বোধনী বক্তব্য রাখেন পদুয়া আইনুল উলুম কামিল (এমএ) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আ ন নোমান।
মাদরাসা পরিচালনা পর্ষদ ও আয়োজক কমিটির পক্ষে মূল বক্তব্য ও দাবি দাওয়া উত্থাপন করেন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদ চৌধুরী। আল কোরআনুল কারীম ইনস্টিটিউটের সেক্রেটারি হাফেজ মাওলানা আনোয়ারুল হক।
সভা শেষে সংবর্ধিত হাফেজে কোরআনের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয় এবং সংবর্ধিত হুজাইফাকে মাদরাসা কতৃপক্ষের পক্ষ হতে ওমরা ভিসা উপহার প্রদান করা হয়।
এছাড়া সংবর্ধিত হুজাইফার বাবা-মা ও শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ’র বাবাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।



