কুষ্টিয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১২টার দিকে ট্রেনটি কুষ্টিয়া কোর্ট স্টেশনে পৌঁছার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পোড়াদহ রেলওয়ে থানার পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত যুবকের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি থেকে জানা যায়, নিহত যুবকের নাম আশরাফুল ইসলাম। তিনি চট্টগ্রামের বাঁশখালী থানাধীন সাধনপুর গ্রামের বজল আহমেদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া মিল লাইন রেলগেট পার হওয়ার সময় ঈদের জন্য নির্মাণাধীন প্যান্ডেলের উপর থেকে ডেকোরেটরের এক শ্রমিক ট্রেনের ছাদে রক্তাক্ত অবস্থায় এক যুবককে দেখতে পায়। এ সময় ওই শ্রমিক বিষয়টি স্থানীয়দের জানালে তারা রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে কুষ্টিয়া কোর্ট স্টেশনে ট্রেন থামিয়ে ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জহিরুল ইসলাম জানান, ট্রেনের ছাদ থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার বুকে ও মাথায় আঘাতের চিহ্ন আছে। তার পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপির মাধ্যমে জানা যায়, তার বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায়।
তিনি বলেন, রাজবাড়ী স্টেশন পার হয়ে ছোট ছোট কয়েকটা ব্রিজ আছে। ধারণা করা হচ্ছে, সেখানে কোনো ব্রিজের সাথে ধাক্কা লেগে তিনি মারা গিয়ে থাকতে পারেন। ময়নাতদন্তের জন্য তার লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



