কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক ও বিদেশী অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
সোমবার (৪ মে) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকায় একটি ইটভাটায় তল্লাশি চালিয়ে পাঁচ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় বিদেশী অস্ত্র ও গোলা জব্দ করা হয়। এ ঘটনা এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ভোরে নৌবাহিনী কন্টিনজেন্ট মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র জব্দের লক্ষ্যে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকায় একটি ইটভাটায় তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ইটভাটার মাটির নিচে সুপরিকল্পিতভাবে পুতে রাখা অবস্থায় পাঁচ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩০ কোটি টাকা।
এ সময় দু’টি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন এবং চার রাউন্ড তাজা গোলা জব্দ করা হয়। এছাড়াও আলিখালি এলাকা থেকে একাধিক অস্ত্র ও মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি নুরুল কবিরকে আটক করা হয়। পরবর্তী সময়ে উদ্ধারকৃত মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত আইনানুগ কার্যক্রম এবং আটককৃত আসামির বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আইএসপিআর জানায়, বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে মাদক এবং অস্ত্র চোরাচালান প্রতিরোধে অব্যাহতভাবে অভিযান পরিচালনা করছে।


