বরিশালের সাংবাদিক মিরাজ হোসাইনের ইন্তেকাল

সম্প্রতি ব্রেন টিউমার অপারেশনের পর তার নন হজকিং লিম্ফোমা রোগ ধরা পরে। এরপর থেকে তিনি নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বরিশাল ব্যুরো
বরিশালের সাংবাদিক অঙ্গনের পরিচিত মুখ দৈনিক বণিক বার্তার বরিশাল প্রতিনিধি এম মিরাজ হোসাইন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে বরিশালের মিডিয়া অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন তিনি।

সম্প্রতি ব্রেন টিউমার অপারেশনের পর তার নন হজকিং লিম্ফোমা রোগ ধরা পরে। এরপর থেকে তিনি নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বরিশাল প্রেস ক্লাব, বরিশাল সাংবাদিক ফোরাম ও বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্য এম মিরাজ হোসাইন মৃত্যুকালে বাবা, স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মরহুমের স্বজন সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর ত্রিশ গোডাউন এলাকার জিয়া সড়কের মুজাহিদ মঞ্জিলের বাসিন্দা সাংবাদিক এম মিরাজ হোসাইনের লাশ শনিবার বেলা তিনটার দিকে ঢাকায় তার নিজ কর্মস্থল দৈনিক বণিক বার্তা কার্যালয়ে নেয়া হয়। সেখান থেকে লাশবাহী ফ্রিজিং গাড়িতে বরিশালে আনা হয়।

আগামীকাল রোববার সকাল দশটায় এম মিরাজ হোসাইনের লাশ বরিশাল প্রেস ক্লাবে এনে তার কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করা হবে। পরে সেখানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে মেহেন্দিগঞ্জ কাজীরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের আজিমপুর গ্রামের মিয়াবাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বরিশালের সাংবাদিক অঙ্গনের সকলের পরিচিত ও প্রিয়মুখ সাংবাদিক এম মিরাজ হোসাইনের মৃত্যুতে বরিশাল প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বিটিএমএ, সাংবাদিক ফোরাম, জেলা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় এবং জেলা কমিটিসহ বরিশাল জেলা উত্তর কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন সাংবাদিক সংগঠক, রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের প্রতিনিধিরা গভীর শোক প্রকাশ করেছেন। তার শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুম সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনা করেছেন।