কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত

পথিমধ্যে খরুলিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে কক্সবাজারমুখী মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা ডাম্পার ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

গোলাম আজম খান, কক্সবাজার অফিস

Location :

Cox's Bazar
সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধু
সড়ক দুর্ঘটনায় নিহত দুই বন্ধু |নয়া দিগন্ত

কক্সবাজার সদর উপজেলার খরুলিয়ায় ডাম্পার ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অপর বন্ধু।

শনিবার (৪ এপ্রিল) দুপুর ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রামু ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাছির উদ্দিন।

নিহত দু’জন হলেন— মো: রিসান (১৯) ও মো: আরাফাত (২১)। এদের মধ্যে রিসান কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের মুক্তারকুল এলাকার ও আরাফাত একই ইউনিয়নের দরগা এলাকার বাসিন্দা। এ ঘটনায় আহত মো: সানি (১৯) একই ইউনিয়নের মুক্তারকুল এলাকার বাসিন্দা। হতাহতরা তিনজনই বন্ধু এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের আরোহী ছিল।

স্থানীয়দের বরাতে ওসি নাছির উদ্দিন জানান, দুপুরে ঝিলংজা ইউনিয়নের দরগা এলাকা থেকে তিন বন্ধু মিলে মোটরসাইকেলযোগে বাংলা বাজার স্টেশনে যাচ্ছিল। পথিমধ্যে খরুলিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে কক্সবাজারমুখী মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা ডাম্পার ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেলে মোটরসাইকেলের আরোহী তিনজনই আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। অপর আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ওসি আরো জানান, ঘটনার পরপরই ট্রাকচালক ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে গেলেও মোটরসাইকেল পুলিশ জব্দ করেছে। নিহতদের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।