মুন্সীগঞ্জের লৌহজংয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৩৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলের পর জেলা ডিবি ও থানা পুলিশের পৃথক দুটি টিম উপজেলার গোয়ালীমান্দ্রা ও মৌছামান্দ্রা গ্রামে পৃথক অভিযান পরিচালনা করে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিরস্ত্র) আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি টিম গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালায়। এ সময় আব্দুল মান্নান ওরফে মন্টু (৪১) নামে একজনকে ১৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার মন্টুর বাড়ি লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চরজগবন্ধু গ্রামে। বর্তমানে তিনি লৌহজংয়ের গোয়ালীমান্দ্রা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতার মন্টুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, একই দিন বিকেল পৌনে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লৌহজং থানার এসআই লোকমান মিয়ার নেতৃত্বে থানা পুলিশের একটি টিম উপজেলার মৌছামান্দ্রা গ্রামের পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় মো: রিপন মিয়া (৪৫) নামে একজনকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার রিপনের বাড়ি পাশের গোয়ালীমান্দ্রা গ্রামে বলে জানা গেছে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান-উল-ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।



